ঢাকা সংবাদদাতা: সৌদি আরবে ২০ বছরের সাজাপ্রাপ্ত যুবক আবুল বাশারের পক্ষে বাংলাদেশ দুতাবাস আপিল করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মন্ত্রীর সাথে দেখা করে নিজের আর্জি তুলে ধরেন ভুক্তোভোগী বাশারের স্ত্রী।
গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশি যুবক মো. আবুল বাশারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব আদালত। দেশটিতে প্রবেশের সময় তার ব্যাগে ইয়াবা পাওয়া যায় বলে তাকে এই সাজা দেয় সৌদি আদালত। সেই ইয়াবা তার ব্যাগে ‘আচারের প্যাকেট’ বলে জোর করে ঢুকিয়ে দিয়েছিলেন বিমানবন্দরের পরিচ্ছন্ন কর্মী এসআর সুপারভাইজার নুর মোহাম্মদ।
স্বামী সুদূর আরব দেশের কারাগারে। আর স্ত্রী পাঁচ বছরের সন্তানকে নিয়ে মিরপুর থেকে মিন্টো রোড সরকারের কর্তাব্যাক্তিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন স্বামীকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনতে।
স্বামীকে বাঁচাতে এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে যান স্ত্রী। সেখানে তুলে ধরেন কিভাবে তার স্বামী প্রতারিত হয়েছেন। বিষয়টি নিয়ে বৈঠকেও বসেন মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা জানান, বাশারকে মাদক মামলায় ২০ বছরের সাজা দিয়েছে সৌদির আদালত। বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য কনস্যুলেটের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট ভারবাল এবং মক্কাস্থ সোমাইশিতে সামারি কোর্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। কনস্যুলেটের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতা কর্মী তাকে একটি বক্স দেয় সৌদি আরবে পৌছে দেয়ার জন্য। বাশার অপরিচিত ব্যক্তির প্যাকেট নিতে অস্বীকৃতি জানালে তিনি নিজেকে বিমানের কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানো শুরু করেন। প্যাকেট না নিলে তাকে ফ্লাইটেও উঠতে দিবেন না বলেও হুমকি দেন। পরে জোর করে বাশারের ব্যাগে প্যাকেটটি ঢুকিয়ে দেন। জেদ্দা বিমানবন্দরে গিয়ে ধরা পড়ে সেই আচারের বক্সে ছিল প্রায় ৫ হাজার পিস ইয়াবা। এ কারণে সৌদি আরবে ২০ বছরের কারাদণ্ড হয় আবুল বাশারের।















