প্যান্ডোরা পেপারসে নাম থাকা মন্ত্রীদের বরখাস্তের আহবান পাকিস্তানে বিরোধীদের

89

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকজন মন্ত্রীসহ সহযোগীদের অনেকে শত শত কোটি ডলার বিদেশে অফসোর কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করেছেন। এ নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার চারপাশে থাকা যেসব মন্ত্রীর নাম প্যান্ডোরা পেপারসে উঠে এসেছে, তাদেরকে মন্ত্রীসভা থেকে বরখাস্তের আহবান জানিয়েছে বিরোধী দলগুলো। অন্যদিকে উত্থাপিত অভিযোগ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ইমরান খান। কিন্তু ভিতরে ভিতরে যে এক অস্বস্তিকর অবস্থা কাজ করছে তা স্পষ্ট। যেসব মন্ত্রী এবং সহযোগীদের নাম এসেছে তাদেরকে বরখাস্ত করে তদন্তের মুখোমুখি করার জন্য সোমবার আহবান জানিয়েছে বিরোধীরা। সরকারের অস্বস্তিতে পড়ার কারণ হলো শুধু পাকিস্তানেরই কমপক্ষে ৭০০ মানুষের নাম আছে প্যান্ডোরা পেপারসে। যদি একটি দেশের এত বিপুল পরিমাণ মানুষ শত শত কোটি ডলার আয়কর ফাঁকি দেয়ার জন্য বিদেশে অফসোর কোম্পানিতে বিনিয়োগ করেন, কোনো কোনো ক্ষেত্রে একে অর্থপাচার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে- তাহলে সেই দেশের অর্থনীতির কি অবস্থা সহজেই অনুমেয়।

এমনিতেই ঋণের ভারে জর্জরিত পাকিস্তান। সৌদি আরবের কাছ থেকে নেয়া ঋণ চুক্তি অনুযায়ী পরিশোধ করতে চীনের কাছ থেকে ঋণ নিতে হয়েছে ইমরান খানকে। একজনের কাছ থেকে ঋণ নিয়ে সেই অর্থে অন্যজনের ঋণ পরিশোধ করছেন ইমরান। এ অবস্থায় রোববার ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টিস (আইসিআইজে) প্রকাশ করেছে প্যান্ডোরা পেপারস। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও মিডিয়ার সমন্বয়ে গড়ে উঠেছে আইসিআইজে। তাদের ডকুমেন্টে বলা হয়েছে, বর্তমান ও সাবেক ৩৫ জন সরকার প্রধানের নাম আছে এতে। ৯১টি দেশের কমপক্ষে ৩৩০ জন রাজনীতিক ও সরকারি কর্মকর্তার গোপন সম্পদের পাহাড় আছে বিদেশে। শুধু পাকিস্তানেরই কমপক্ষে ৭০০ মানুষের নাম আছে এতে। এর মধ্যে ইমরান খানের ঘনিষ্ঠ কয়েকজন আছেন। এর মধ্যে অন্যতম অর্থমন্ত্রী শওকত তারিন। তিনি একটি স্থানীয় সংবাদ ভিত্তিক চ্যানেলকে বলেছেন, তিনি নিজে সহ যাদের নাম এসেছে, তাদের সবার বিষয়ে তদন্ত করা হবে। তবে তিনি নিজে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেন। এ বিষয়ে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যেসব নাম এসেছে তাদের সবাইকে বরখাস্ত করা উচিত প্রধানমন্ত্রী ইমরান খানের। তার উচিত প্যান্ডোরা পেপারসে নাম থাকা সব মন্ত্রী ও সহযোগীদের পদত্যাগের নির্দেশ দেয়া এবং তা অবিলম্বে কার্যকর হতে হবে। পাকিস্তান পিপলস পার্টির নেত্রী শেরি রেহমান জবাবদিহিতার স্লোগানের ধীর গতি নিয়ে প্রশ্ন তুলেছেন।