ডিভোর্স দিয়ে ২০০ কোটি দিতে চান নাগা, ফিরিয়ে দিলেন সামান্থা

85
ডিভোর্স দিয়ে ২০০ কোটি দিতে চান নাগা, ফিরিয়ে দিলেন সামান্থা

বিনোদন ডেস্ক :: ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। অনেকদিন থেকে তাদের ডিভোর্সের গুঞ্জন উড়ছিল। অবশেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এই জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ডিভোর্সের পর খোরপোশের ২০০ কোটি রুপি নাগার কাছ থেকে নেবেন না সামান্থা। আক্কিনেনি পরিবার থেকে তিনি কোনো আর্থিক সহযোগিতা নিতে চান না। কারণ তিনি নিজেই স্বাবলম্বী। এছাড়া নাগার কাছ থেকে অর্থ নেওয়া ঠিক হবে না বলে মনে করছেন এই অভিনেত্রী।

সামান্থার ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, ‘সামান্থা এ সম্পর্কটা থেকে শুধু বন্ধুত্ব এবং ভালোবাসা চেয়েছিল। বিয়েটাই ভেঙে গেল। ও একটা টাকাও নেবে না।’

বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এনে গত শনিবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে নাগা একটি বিবৃতিতে লিখেছেন, ‘অনেক আলোচনা ও চিন্তার পর সামান্থা ও আমি স্বামী-স্ত্রী হিসেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সৌভাগ্যবান যে আমাদের এক দশকের বেশি বন্ধুত্ব, যা আমাদের সম্পর্কের মূল বিষয় ছিল। আশা করছি এটিই আমাদের বন্ধন টিকিয়ে রাখবে।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়েছে। এখন তা ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে।