আতলেতিকোর বিপক্ষে গোলের করুণ রেকর্ডে স্পষ্ট বার্সার পালাবদল

139
আতলেতিকোর বিপক্ষে গোলের করুণ রেকর্ডে স্পষ্ট বার্সার পালাবদল

খেলাধুলা ডেস্ক :: আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আজ বার্সেলোনার গোল কে করবেন? মেম্ফিস ডিপাইয়ের নাম আসতে পারে। আনসু ফাতি শুরু থেকে খেলার মতো ফিট হলে তাঁর নাম আসবে। বার্সার সমর্থকদের মনের কোণে ঘুরপাক খেতে পারে লুক ডি ইয়ং কিংবা ফিলিপ কুতিনিওর নামও।

কিন্তু গোলটা যিনিই করুন না কেন, পরিসংখ্যান বলবে, আতলেতিকোর বিপক্ষে বার্সা আজ গোল পেলে এবং গোলটা আত্মঘাতী না হলে বার্সা-আতলেতিকো ম্যাচের ইতিহাস নতুন একজন গোলস্কোরারের নাম দেখবে।

কীভাবে? গল্পটাতে ফুটে উঠছে বার্সেলোনার চলমান পালাবদলের করুণ চিত্র। বার্সেলোনার হয়ে আজ যাঁরা মাঠে নামতে পারেন, তাঁদের কেউই যে এর আগে কখনো আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার জার্সিতে গোল করেননি!

বাংলাদেশ সময় আজ রাত ১টায় আতলেতিকো মাদ্রিদের মাঠে নামবে বার্সা। তবে ম্যাচে গোল কে করবেন, সেই হিসাবে যাওয়ার আগে অবশ্য প্রাসঙ্গিক প্রশ্ন হতে পারে, বার্সেলোনা আজ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল পাবে কি?
আতলেতিকোর বিপক্ষে গোলের করুণ রেকর্ডে স্পষ্ট বার্সার পালাবদল।
গত মৌসুমে লিগে আতলেতিকোর বিপক্ষে দুই ম্যাচে যে গোল পায়নি বার্সা। প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে বার্সা হেরেছিল ১-০ গোলে। ক্যাম্প ন্যুতে দ্বিতীয় ম্যাচটা গোলশূন্য ড্র।

গত মৌসুমে মেসি থাকা অবস্থায়ই গোল পায়নি, আর এই মৌসুমে তো মেসি অনিচ্ছায় বার্সেলোনা ছেড়ে পিএসজির জার্সি গায়ে জড়িয়েছেন। শুধু মেসিই কেন, গোলের খোঁজে দলে যখন চোখ রাখবেন বার্সা কোচ রোনাল্ড কোমান, তেমন কাকেই-বা খুঁজে পাবেন?

লুইস সুয়ারেজকে এক মৌসুম আগেই বিদায় দিয়েছে বার্সা, মেসির পর এই মৌসুমে বার্সা ছেড়ে গেছেন আঁতোয়ান গ্রিজমানও। দুজনেরই ঠিকানা এখন আতলেতিকো!

মেসি, সুয়ারেজ কিংবা গ্রিজমানের জায়গায় বার্সার এখন ভরসা ফাতি, মেম্ফিস, ডি ইয়ং কিংবা কুতিনিও। বার্সার পালাবদলের চিত্রটা এখানেই স্পষ্ট। কিন্তু পালাবদলে কতটা অসহায় হয়ে পড়ছে বার্সা, সেটির প্রমাণ হাজির করে পরিসংখ্যান বলছে, বর্তমান বার্সা দলে আজ ম্যাচে নামতে পারেন, এমন কারোরই বার্সার জার্সিতে আতলেতিকোর বিপক্ষে গোলের অভিজ্ঞতা নেই!

সুয়ারেজ, মেসি ও নেইমার, বছর পাঁচেক আগেও বার্সার আক্রমণভাগ ছিল এমনই তারায় ভরা সুয়ারেজ, মেসি ও নেইমার, বছর পাঁচেক আগেও বার্সার আক্রমণভাগ ছিল এমনই তারায় ভরাফাইল ছবি

শুধু ওসমান দেম্বেলেই আতলেতিকোর বিপক্ষে গোল করেছেন আগে, কিন্তু চোটের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে এই ফরোয়ার্ড।

বার্সা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০১৪-১৫ মৌসুমে, সেবার লিগ, স্প্যানিশ কাপও জিতে ‘ত্রিমুকুট’ জেতার গৌরব নিয়েই মৌসুম শেষ করেছিল বার্সা। ইউরোপে সর্বশেষ বার্সার দাপট দেখানো সেবারই! সেই মৌসুমকে ভিত্তি ধরে নিন, এরপর থেকে বার্সার পালাবদলের চিত্র স্পষ্ট হয়ে যাবে আতলেতিকো-বার্সা ম্যাচের গল্পে।

ওই মৌসুমের পর বার্সা আর আতলেতিকো লিগে ১৪ বার মুখোমুখি হয়েছে। এই ১৪ ম্যাচে বার্সা গোল করেছে ১৮টি। তার অর্ধেকই মেসির (৯টি)। বাকি ৯ গোলের মধ্যে সুয়ারেজ করেছেন ৪টি, নেইমার ২টি। রাফিনিয়া, রাকিতিচ ও দেম্বেলে ১টি করে, বাকি একটি গোল আতলেতিকোর আত্মঘাতী।

আর লিগের বাইরের হিসাব? স্প্যানিশ কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এই ৮ মৌসুমে বার্সা ৭ বার আতলেতিকোর মুখোমুখি হয়েছে। সেই ৭ ম্যাচে বার্সার গোল ১১টি, যার মধ্যে সুয়ারেজ সবচেয়ে বেশি ৪ গোল করেছেন। মেসি ৩টি, নেইমার ২টি, গ্রিজমান ১টি, অন্যটি আত্মঘাতী।