আন্তর্জাতিক ডেস্ক: ইরান সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে এক পাকিস্তানি সেনাকে। ইরানের অভ্যন্তর থেকে এই হামলা হয় বলে দাবি করছে পাকিস্তান। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে পাক সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী চুকাব এলাকার একটি পোস্টে ইরানের অভ্যন্তর থেকে গুলি ছুঁড়েছে সন্ত্রাসীরা। এতে মকবুল শাহ নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছে পাকিস্তান। ইরানের পক্ষ থেকে যদিও কোনো মন্তব্য করা হয়নি।
ইরান-পাকিস্তান সীমান্তে সক্রিয় আছে অনেকগুলো জঙ্গি সংগঠন। তবে এখনও কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। প্রায় ৪ মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে সীমান্ত চালু করে ইরান।
এরপরই এই হামলার ঘটনা ঘটলো। দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই সীমান্তে সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে।















