ঢাকা সংবাদদাতা: বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোসেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ঝড়ের কবলে পড়ে ১১ জন জেলেসহ ‘আল্লাহর দান’ নামে মাছ ধরার ট্রলারটি উল্টে যায়। ট্রলারটির মালিক আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রলারে থাকা আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন তিন জেলে।
বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলার ডুবির ঘটনায় ওই তিন জেলে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে আমরা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য গতকাল (মঙ্গলবার) একটি উদ্ধারকারী ট্রলার পাঠিয়েছিলাম। তারা ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন।















