ওয়ানবাংলানিউজ: কমিউনিটির উন্নয়নে অবদান, খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে সাফল্য অর্জন করায় ক্যানারি ওয়ার্ফ গ্রুপের কমিউনিটি অ্যাফেয়ার্স ডায়রেকটার জাকির খানকে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের পক্ষ থেকে অনারারি ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডকল্যান্ডস ক্যাম্পাসে এই সম্মাননা প্রদান করা হয়। এই দিন ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে দুই শতাধিক নিয়মিত ছাত্র—ছাত্রী গ্রেজুয়েশন সম্পন্ন করলে তাদের হাতেও এই অনুষ্ঠানে সার্টিফিকেট তুলে দেয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে অতিথি, ছাত্র—ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

করোনা মহামারির কারনে এক বছর পর আবারও গ্রেজুয়েশন সিরিমনি অনুষ্ঠান করেছে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। এতে গ্রেজুয়েন সম্পন্ন করা ছাত্র—ছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবর্তন অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য দেন ডক্টর জাকির খান। কঠোর পরিশ্রম আর অন্যের প্রতি সদয় হওয়ার গুরুত্ব সম্পর্কে কথা বলেন তিনি। তিনি তার বক্তব্যে ব্রিটেনে আসা, বড় হওয়া এবং প্রতিকুল পরিবেশে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তা তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের মধ্যে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাকির খানের পরিবারের সদস্য, তার বড় ভাই ইস্ট লন্ডন মসজিদের ডায়রেক্টর দেলোয়ার খান।
উল্লেখ্য ডক্টর জাকির খান ক্যানারি ওয়ার্ফ গ্রুপের সিএসআর এন্ড কমিউনিটি ডায়রেক্টর ছাড়াও ওয়েস্ট হাম ইউনাইটেড এফসি’র ক্লাব অ্যাবেসেডর, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন ইউকের ফাউন্ডার, স্পোর্টি বেঙ্গল ইউনাইটেড এফসি’র ফাউন্ডার, স্পোর্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান, লন্ডন ক্রিকেট লীগের অনারারি ডায়ক্টেরসহ বিভিন্ন খেলাধুলার সংগঠনের সাথে কাজ করছেন।
ডক্টর জাকির খান ১৯৭৬ সালে ব্রিটেনে আসেন পরিবারের সদস্যদের সাথে। তারা প্রথমে বার্মিংহামে কিছুদিন বসবাসের পর লন্ডনে স্থায়ীভাবে চলে আসেন। জনাব জাকির খানের ৫ ভাই দুই বোন রয়েছেন।















