জারদারির সমর্থন পেতে রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন নওয়াজ!

850

পাকিস্তানের বিতর্কিত রিয়েল এস্টেট ব্যবসায়ী ও ধনকুবের মালিক রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন সেদেশের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবারের (২৮ সেপ্টেম্বর) এ বৈঠক নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জন চলছে। মনে করা হচ্ছে, বর্তমানে তার পরিবার যে রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে তা নিরসনের জন্য মালিক রিয়াজের মাধ্যমে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারির সমর্থন চাইছেন নওয়াজ। তবে এ ব্যাপারে তার দলের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ডন।

সংবাদমাধ্যমটি জানায়, নিজ বাসভবন জাতি উমরাতে রিয়াজের সঙ্গে বৈঠক করেন নওয়াজ শরিফ। দুই ঘণ্টার ওই বৈঠকে নওয়াজের ভাই ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন। পরে এ বৈঠকটি নিয়ে মিডিয়া পাড়ায় গুঞ্জন শুরু হয় বলে উল্লেখ করেছে ডন। এক সূত্রকে উদ্ধৃত করে ডনের প্রতিবেদনে বলা হয়, ‘ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মালিক রিয়াজের সঙ্গে শরিফ ভ্রাতৃদ্বয়ের বৈঠকের বিষয়টি গুরুত্বপূর্ণ। ক্ষমতাচ্যুত হওয়ার পর নওয়াজ ও তার দল যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা নিরসনে সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য পিপিপির সমর্থন খুব জরুরি।’

ওই সূত্রের দাবি, নওয়াজ শরিফ মালিক রিয়াজের ওপর খুব আস্থা রাখেন। নওয়াজ আশা করেন তাকে পুরোপুরি সহযোগিতা করতে রিয়াজ জারদারির কাছে তার বার্তা পৌঁছে দেবেন।

তবে ডন জানায়, নওয়াজের দল পিএমএল-এন এর এক সদস্য এই গুঞ্জনের বিষয়কে নিশ্চিত করেননি। তার দাবি, পার্লামেন্টের ভেতরে ও বাইরে পিপিপি যেন পিএমএল-এনকে সহযোগিতা করে সেটাই চান নওয়াজ।

নওয়াজ ও রিয়াজের বৈঠক নিয়ে কোনও বিবৃতিও দেয়নি পিএমএল-এন। এ ব্যাপারে পিএমএল-এন নেতা আসিফ কিরমানি, মুশাহিদুল্লাহ খান ও তথ্য প্রতিমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবকে ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ডন।