পুড়িয়ে দেয়া ভূমির দখল নিচ্ছে মিয়ানমার সরকার!

792

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় পুড়িয়ে দেয়া ভূমির দখল মিয়ানমার সরকার নেবে বলে জানিয়েছেন দেশটির সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়াত আইয়ে। বুধবার দেশটির সংবাদ মাধ্যম ‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানায়।

মিয়ানমারের রাজধানী সিত্তুয়েতে মঙ্গলবার এক বৈঠকে তিনি জানান, মিয়ানমারের আইনানুযায়ী পুড়ে যাওয়া ভূমি সেদেশের সরকারের দখলে চলে যায়। সরকার সেইসব ভূমির উন্নয়ন করবে।

দেশটিতে প্রচলিত দুর্যোগ ব্যবস্থাপনা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আইন অনুযায়ী যেকোনো ধরনের দুর্যোগ এমনকি সংঘর্ষের কারণে কোনও এলাকা যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সরকার সেই এলাকার পুনঃ উন্নয়ন কাজ তদারকি করবে। যদিও এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা তিনি দেননি।
আগস্টের শেষ দিকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর ৩০টি চেক পোস্টে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামে একটি জঙ্গিগোষ্ঠী। এরপর প্রদেশটিতে অভিযান চালায় সরকার।এ অভিযানে ৪০০ জন নিহত হবার কথা দেশটির সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশের উপকূলে আশ্রয় নিয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। চলতি মাসের শুরুতেই হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করে, স্যাটেলাইট ইমেজে রাখাইনে কয়েকশ বাড়ি-ঘর পুড়ে যাওয়ার প্রমাণ দেখা গেছে। সেসময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানায়, এ প্রদেশে বসবাসকারীদের জোর করে দেশত্যাগ, হত্যা, হত্যা চেষ্টা, ধর্ষণ ছাড়াও যৌন হয়রানি করা হচ্ছে।