ওয়ানবাংলানিউজ: ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের আহবান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি লেবার পার্টির ন্যাশনাল কনফারেন্সে এই আহবান জানান। লেবার পার্টিকে দ্বিতীয়বারের মতো আরেকটি গণভোটের সমর্থন করার আহবান জানান।
তিনি আগামী নির্বাচনী ইস্তেহারে ব্রেক্সিট সংক্রান্ত সব চুক্তি গ্রহণযোগ্যতা নিয়ে আরো একটি জাতীয় ভোটের প্রতি জোর দাবী তুলেন। স্কটল্যান্ডের সাবেক লেবার দলীয় নেতা কেজিয়া ডাগডেল লন্ডনের মেয়র সাদিক খানের পরামর্শের সমর্থন জানান। তিনি বলেন, জনগণের দ্বিতীয় গণভোটের মাধ্যমে তাদের মতামত জানানোর অধিকার রয়েছে। তাই তিনি বর্তমান লেবার নেতাদের সাদিক খানের পরামর্শের সমর্থন জানানোর আহবান জানান।
ইতিমধ্যে লেবার দলীয় নির্বাচনী প্রধান ও করবিনের মিত্র এন্ড্রি গুইয়ং সাদিক খানের পরামর্শ মোতাবেক আরেকটি গণভোট করার প্রতি অস্বীকৃতি জানিয়ে মেয়রের পরামর্শ প্রত্যাখান করেন।
তবে সাদিক খান বলেন, লেবারের পরবর্তী নির্বাচনী ইস্তিহারে এই প্রস্তাবটি উল্লেখ করা সম্ভব। লন্ডনের মেয়র হিসেবে আমি জোর দিয়ে বলতে পারি দ্বিতীয় গণভোটের সুযোগ জনগণ কাজে লাগিয়ে বর্তমান ফলাফল উল্টে দিতে পারে। দ্বিতীয় গণভোট ছাড়া কোনো ব্রেক্সিট চুক্তিই ইতিবাচক হবে না বলে মনে করেন সাদিক খান।















