তালেবান মোকাবেলায় নতুন পদক্ষেপ আফগান সরকারের

240

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে তালেবান যোদ্ধারা। চলমান অস্থিরতা কমাতে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান সরকার। শনিবার থেকে দেশটির ৩৪ প্রদেশের মধ্যে ৩১ প্রদেশে এই রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা নিয়ন্ত্রণ ও তালেবানের চলাফেলা সীমিত করতে কাবুল, পাঞ্জির এবং নানগারহার ছাড়া সব প্রদেশে রাত্রিকালীন কারকিউ থাকবে।

স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জিয়া জিয়া সাংবাদিকদের কাছে পাঠানো অডিও বার্তায় জানিয়েছেন।

এদিকে, আফগানিস্তানের ৪১৯টির মধ্যে প্রায় ২১২টি জেলা তালেবানের দখলে রয়েছে বলে মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি জানিয়েছিলেন।

তিনি জানান, কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আফগানিস্তানের সমগ্র পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে বলেও জানান তিনি।

ঈদুল আজহা উপলক্ষ্যে সহিংসতা কিছুদিনের জন্য বন্ধ থাকলেও গত ২৪ ঘণ্টায় ২৬০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান সরকার।

অন্যদিকে, কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করেছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরও কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করে বলেছেন, এ ধরনের হামলার ব্যাপারে তালেবান নির্লিপ্ত থাকবে না।