শুক্রবার দেশে আসছে মডার্নার করোনা টিকা

151

ঢাকা সংবাদদাতা: কাল শুক্রবার মডার্নার তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রায় ১২ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্না থেকে মোট ২৫ লাখ টিকার প্রথম চালানে প্রায় ১২ লাখ ডোজ আসবে। পরদিন ৩ জুলাই আসবে বাকি ১৩ লাখ।

প্রসঙ্গত, গত ২৯ জুন দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার তৈরি টিকাকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। সেদিন এই টিকা ব্যবহারের জন্য ইমারজেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয় বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

এর আগে গত ২৫ জুন কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সেদিন তিনি বলেন, ‘টিকা পেতে গত জুনে কোভ্যাক্সকে চিঠি দেয় বাংলাদেশ। সেই হিসেবে পর্যায়ক্রমে প্রায় সাত কোটি টিকা দেওয়ার কথা আমাদের।’

এর ঠিক একদিন পরই কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র বলে টুইটারে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।