আন্তর্জাতিক ডেস্ক: ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার করোনা ভাইরাসের টিকা নিয়ে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। শুক্রবার তারা এই দুটি টিকায় সতর্কতা যুক্ত করেন যে, এই টিকা দুটি নেয়ার পর হার্টের প্রদাহের বিরল ঝুঁকি আছে। হার্টের অসুখ মায়োকার্ডিটিস এবং পেরিকার্ডিটিসের ক্রমবর্ধমান ঝুঁকির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে এফডিএ নতুন করে তথ্য যাচাই বাছাই করে। এরপরই ওই সতর্কতা দেয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন নিক্কি এশিয়া।
এতে বলা হয়, এই দুটি টিকা নেয়ার পর হার্টের ওই সমস্যা সৃষ্টি হওয়ার বিরল ঝুঁকি আছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ নেয়ার কয়েকদিন পরে তা বেশি দেখা যায়। ১১ই জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভ্যাক্সিন এডভার্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেমের (ভিএইআরএস) কাছে মায়োকার্ডিটিস এবং পেরিকার্ডিটিসের কমপক্ষে ১২০০ ঘটনার খবর এসেছে।
এই দুটি টিকায় ব্যবহার করা হয় এমআরএনএ প্রযুক্তি। যুক্তরাষ্ট্রে প্রায় ৩০ কোটি মানুষকে এই টিকা দেয়া হয়েছে। তার মধ্যে ওই সংখ্যক মানুষের হার্টে প্রদাহ দেখা দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার সপ্তাহখানেক পরে এই সমস্যা দেখা দেয়। আর তা সবচেয়ে বেশি দেখা গেছে পুরুষদের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের সিডিসি এমন ৩০৯ জন রোগীকে হাসপাতালে ভর্তির বিষয় শনাক্ত করেছে। এদের বয়স ৩০ বছরের নিচে। এর মধ্যে ২৯৫ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে হার্টের এই সমস্যার খবর পাওয়া গেছে। এসব নিয়ে স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক সংস্থাগুলো অনুসন্ধান কাজ করছে। সিডিসির এডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্রাকটিসেস বুধবার প্রাপ্ত তথ্য নিয়ে বৈঠকে বসে। তারা এসব তথ্যের চুলচেরা বিশ্লেষণ করার পর সর্বশেষ ওই সতর্কতা দেয় । তবে এ বিষয়ে ফাইজার বা মডার্নার কোনো মন্তব্য পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে।















