মেসির ৪ গোলে এইবারকে উড়িয়ে দিলো বার্সা

636

খেলাধুলা ডেস্ক: দুরন্ত লিওনেল মেসি, উড়ন্ত বার্সেলোনা। খুদে জাদুকরের অনন্য নৈপুণ্যে লা লিগায় এইবারকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। হারিয়েছে ৬-১ গোলে। এবার আর হ্যাটট্রিক করে থেমে থাকেননি ফুটবলের বরপুত্র। প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন চার-চারবার।
মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যু’তে এইবারকে আতিথেয়তা দেয় বার্সেলোনা। এদিন ছিলেন না বার্সার মূল ৬ খেলোয়াড়। তবু তরুণদের সঙ্গে অতিথিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন মেসি।
তবে ৩ মিনিটেই পিছিয়ে পড়তে পারত বার্সা। এসময় প্রতি আক্রমণে ডি-বক্সে একা বল পেয়ে যান সের্হি এনরিচ। সেখান থেকে ডান পায়ে কোনাকুনি শট নেন তিনি। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
এরপরই ছন্দে ফিরতে শুরু করে বার্সা। করতে থাকে একের পর এক আক্রমণ। এর ফলও হাতেনাতে পায় তারা। ২০ মিনিটে ডি-বক্সে নেলসন সেমেদোকে ফাউল করেন ডিফেন্ডার আলেক্স গালভেজ। এতে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। সেই স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি।
৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত বার্সার। কিন্তু এসময় খুদে জাদুকরের নেয়া ট্রেডমার্ক শট ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে কাতালানদের এগিয়ে যেতে সময় লাগেনি। ১ মিনিট পরই ডেনিস সুয়ারেজে কর্নারে হেড করে দলের ব্যবধান দ্বিগুণ করেন অন্যদের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাওলিনিয়ো। এতে ২-০ নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরে আক্রমণের গতি আরো বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৫৪ মিনিটে মেসির নেয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও শেষরক্ষা হয়নি প্রতিপক্ষের। ফিরতি বল থেকে গোল করে ব্যবধান বাড়ান ডেনিস।
অবশ্য এর ৪ মিনিট পরই গোল করে এইবারকে লড়াইয়ে ফেরার আশা জাগান স্প্যানিশ ফরোয়ার্ড এনরিচ। তবে পরের ৪ মিনিটের মধ্যে আরো দু’বার জাল কাঁপিয়ে তা ভেস্তে দেন মেসি। ৫৯ মিনিটে বল নিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে সোজাসুজি শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। পরে অসাধারণ এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এ নিয়ে স্প্যানিশ শীর্ষ লিগে ২৮টি হ্যাটট্রিক করলেন মেসি। গেলো সপ্তাহে এস্প্যানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচেও হ্যাটট্রিক করেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারে তার হ্যাটট্রিক দাঁড়ালো ৪৩টি।
এদিন হ্যাটট্রিক করেই ক্ষ্যান্ত থাকেননি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ৮৭ মিনিটে করেন নিজের চতুর্থ ও দলের শেষ গোল।
এ নিয়ে এবারের লিগে ৯ গোল করে তালিকার শীর্ষে রইলেন মেসি। শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এ জয়ে লা লিগায় শতভাগ জয়ের ধারা বজায় রাখলেন মেসিরা। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রইলেন তারা।