ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যের স্কুলগুলোতে বুলিং এতো মারাত্মক আকার ধারন করেছে যে তা শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি করছে। বুলিংয়ের কারনে সেকেন্ডারী স্কুলের চার জনের মধ্যে এক জন শিক্ষক সন্তানদের নিজেদের ক্লাশে পড়াতে চাচ্ছেন না। সহপাঠীদের সাথে হাসি তামাশা স্বাভাবিক বিষয় হলেও ইদানিং তা অনেককে হয়রানি করছে। এমনটাই অভিযোগ করেছেন সেকেন্ডরী স্কুলের অর্ধেকের বেশি শিক্ষক।
ওই শিক্ষকদের ২৩ শতাংশ সন্তানদের নিজেদের ক্লাশে পাঠ দিতে চান না। আর প্রাইমারী লেভেলের ২২ শতাংশ শিক্ষক তাদের স্কুলে বুলিংয়ের সমস্যা মোকাবেলা করছেন। তাদের ১২ শতাংশ সন্তানদের নিজেদের ক্লাশে পাঠ দিতে চান না। বুলিংয়ের এমন তথ্য উঠে এসেছে টাইমস এডুকেশনাল সাপ্লিমেন্ট ও আইটিভি পরিচালিত এক জরিপে।
জরিপে দেখা যায় সেকেন্ডারী স্কুলের ৫৩ শতাংশ শিক্ষক এবং প্রাইমারী স্কুলের ২৫ শতাংশ শিক্ষক মনে করে বুলিংয়ের কারনে অনেক শিক্ষার্থী ক্লাশ করতে ভয় পায়। এবং বুলিংয়ের সমস্যা দিন দিন বাড়ছে বলে মনে করেন ২২ শতাংশ শিক্ষক।
সরাসরি বুলিং ছাড়াও ইন্টারনেটে বুলিংয়ের অভিযোগ করেছেন ৭৬ শতাংশ শিক্ষক। তারা অভিযোগ করে জানিয়েছেন ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে সাইবার বুলিংয়ে অনেক শিক্ষার্থী ক্লাশে আসতে ভয় পাচ্ছে।















