ঢাকা সংবাদদাতা: আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও সরকার কালো টাকা সাদা করার সুযোগ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির জন্যই আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। নতুন বাজেট হবে করোনা মোকাবিলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয়ের বাজেট। আগামী বাজেট হবে সাধারণ মানুষের বাজেট।
আ হ ম মুস্তফা কামাল বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং জরুরি প্রয়োজনে টেবিলে একটি প্রস্তাবসহ মোট তিনটি প্রস্তাব উত্থাপন করা হলে তিনটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
করোনা রোগীর জন্য ৪০টি অক্সিজেন জেনারেটর সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ে দুর্নীতির প্রবণতা লক্ষ্য করা যায়, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাত অত্যন্ত জরুরি বিষয়, তাদের দায়িত্ব ছিলে এসব চাহিদার বিষয়ে যথাযথ সময় ব্যবস্থা নেয়া, কিন্তু তখন সেটি করা হয়নি। করোনা পৃথিবীতে সবার জন্যই প্রথম, তাই সবাই যে সব কাজ সম্পর্কে অবগত থাকবে তাও না। যদি বার বার একই রকম মিসটেক হয় তাহলে আমরা এগুলো ইকোনমিক অ্যাফেয়ারস থেকে বাদ যাবে। তবে এখন যেগুলো আসছে সেগুলো সবই নতুন।
তিনি বলেন, কোভিড সারাবিশ্বে তাণ্ডবলীলা চালাচ্ছে। এরমাঝে কাজের পরিধি বাড়ছে।
আমাদের এখন এগুলো চিন্তা না করে মানুষের প্রাণ বাঁচাতে হবে। এই বিবেচনায় আমরা আজকে এটি অনুমোদন দিয়েছি। আমি একমত আরো আগে যথাযথভাবে যদি আমরা এগুলো করতে পারতাম তাহলে হয়তো আমাদের সাশ্রয় হতো। তারপরও অর্থ মন্ত্রণালয় থেকে সবাইকে বলেছি সাশ্রয়ী হতে হবে।














