আন্তর্জাতিক ডেস্ক: আগামী সপ্তাহে ভারতে করোনা ভাইরাস সংক্রমণ পিক-এ বা সর্বোচ্চে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ভারত সরকারের একজন উপদেষ্টা। এমন পূর্বাভাস দিয়েছেন সরকার নিয়োজিত বিজ্ঞানীদের একটি গ্রুপের প্রধান এম বিদ্যাসাগর। বিজ্ঞানীদের এই গ্রুপটি করোনা সংক্রমণের প্রক্ষেপণ তৈরি করে। অর্থাৎ তারা ভবিষ্যদ্বাণী দেন যে পরিস্থিতি কখন কোনদিকে মোড় নিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিজ্ঞানীদের ওই মডেলে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৫ই মে’র মধ্যে পিক-এ পৌঁছতে পারে সংক্রমণ। এর আগে করোনা সংক্রমণের এই পিকের সময় আরো বাড়িয়ে প্রক্ষেপণ দিয়েছিলেন তারা ও অন্য দেশের বিজ্ঞানীরা। কিন্তু ভারত সরকারের এই উপদেষ্টাদের ভবিষ্যদ্বাণী তা থেকে অনেকটা এগিয়ে এসেছে সময়ের দিক দিয়ে।
এরই মধ্যে টানা ৯ দিন ভারতে নতুন করে করোনা শনাক্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। কোনো কোনোদিন তা চার লাখ ছুঁই ছুঁই। এম বিদ্যাসাগর বলেছেন, আমাদের বিশ্বাস- আগামী সপ্তাহে দেশজুড়ে দৈনিক করোনা সংক্রমণ পিকে পৌঁছাতে পারে। তিনি বলেন, তার এই গ্রুপটি এর আগে গত ১২ই এপ্রিল ভারত সরকারের সিনিয়র কর্মকর্তাদের জানিয়েছিলেন যে, ৫ থেকে ১০ই মের মধ্যে সংক্রমণ পিকে পৌঁছাতে পারে।















