আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে সিএনএন জানায়, ট্রাম্প ভ্যাকসিনকে ‘নিরাপদ’ এবং ‘এমন কিছু যা কাজ করে’ বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমি ভ্যাকসিন গ্রহণ করতে আহবান জানাচ্ছি। প্রচুর মানুষ যারা এটা নিতে চায় না তাদের এটা নিতে বলবো। প্রচুর মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরও এটা নিতে বলবো। এই ভ্যাকসিনটা দুর্দান্ত, এটা গ্রহণ করুন।’
সম্প্রতি এক জরিপে ট্রাম্প সমর্থকদের করোনার ভ্যাকসিন নিতে অনীহার তথ্য পাওয়া যায়। ওই জরিপের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি ট্রাম্পকে তার সমর্থকদের ভ্যাকসিন গ্রহণ করতে আহ্বান জানাতে বলেন। ওই জরিপে বলা হয়, রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের সমর্থক অর্ধেক মানুষ বলেছেন, তাদের ভ্যাকসিন নেয়ার কোনও পরিকল্পনা নেই।
এরপরই ফাউসি বলেন, কীভাবে একটি জনগোষ্ঠীর এত বড় একটি অংশ কেবল রাজনৈতিক কারণে ভ্যাকসিন নিতে চাইছে না, তা একেবারেই অর্থবহ নয়।
উল্লেখ্য, ক্ষমতায় থাকতে করোনা সংকট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। করোনাকে ‘পাত্তা’ না দেয়া এবং ‘ভ্যাকসিন’ নিয়ে সন্দেহ প্রকাশ করা ট্রাম্প এরইমধ্যে গত জানুয়ারিতে গোপনে সস্ত্রীক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানা গেছে।।















