আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৩রা মার্চ পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনে ইসলামাবাদ থেকে বিরোধী ১১ দলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ইউসুফ রাজা গিলানি। কিন্তু তার এই মনোনয়নপত্রকে মঙ্গলবার চ্যালেঞ্জ করেছে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, পিটিআইয়ের ইসলামাবাদের সিনেট প্রার্থী ফরিদ রেহমান অভিযোগ করেছেন, ইউসুফ রাজা গিলানি নির্বাচন কমিশনে মনোনয়নপত্রে সত্য গোপন করেছেন। তিনি ২০১২ সালে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। তা তিনি মনোনয়নপত্রে উল্লেখ করেননি। তিনি দাবি করেছেন, সংবিধানের অনুচ্ছেদ-৬২ অনুযায়ী একজন আইনপ্রণেতার যেসব তথ্য প্রকাশ করতে হয় পিপিপির এই নেতা তা পূরণে ব্যর্থ হয়েছেন।
ওদিকে সার্বিক রাজনৈতিক এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও ইউসুফ রাজা গিলানি। গিলানি বলেছেন, তিনি একজন গণতান্ত্রিক প্রার্থী এবং গণতান্ত্রিক শক্তির প্রার্থী। আশা করছেন, গণতন্ত্রকে ভালবাসেন এমন জাতীয় পরিষদের সব সদস্য তাকে ভোট দেবেন। উল্লেখ্য, পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে আসন আছে মোট ১০৪টি। এর মধ্যে ৫২ জন সিনেটর আগামী ১১ই মার্চ তাদের ৬ বছর মেয়াদ পূরণ করে অবসরে যাবেন।















