আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আসার আগে নিজ দেশে গরুর মাংস খেয়ে আসতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির নবনিযুক্ত পর্যটনমন্ত্রী কে জে আলফন্স।
কয়েকটি রাজ্যে গরুর মাংস খাওয়ার ওপর কড়াকড়িতে পর্যটনের ওপর প্রভাব পড়বে কি না, জানতে চাইলে বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আলফন্স।
‘তারা (পর্যটক) নিজ দেশে গরুর মাংস খেতে পারে এবং এখানে আসতে পারে, বন্ধুরা’, বলেন ভারতের পর্যটনমন্ত্রী।
ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস নামের একটি সংগঠনের সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলফন্স।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভারতের পর্যটনমন্ত্রী বলেন, ‘ভারত প্রাচীনতম সভ্যতা…গোটা বিশ্বের উচিত আমাদের দেখতে এখানে আসা…আমাদের ইতিহাস ও দেশকে ভালোবাসতে হবে…তাদের সেটা বলতে হবে আমাদের…আমাদের দিকে তাকান, এটা চমৎকার দেশ।’
আমলা থেকে রাজনীতিতে প্রবেশ করা ৬৪ বছর বয়সী কেরালার রাজনীতিক কে জে আলফন্স সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। পরে গোরক্ষকদের তৎপরতা ও কয়েকটি রাজ্যে গো-মাংস খাওয়ার ওপর কড়াকড়ি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন তাঁকে।
এর আগে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারে পর্যটনমন্ত্রী হিসেবে নিয়োগ পান আলফন্স। এর একদিন পর সোমবার তিনি এনডিটিভিকে বলেন, ভারতের রাজ্যগুলোর জন্য ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কোনো ফুড কোড (খাদ্যবিধি) নেই।















