খেলাধুলা ডেস্ক: ঘরের মাঠে রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল জুভেন্টাসকে। দলের সেরা তারকাকে ছাড়া সুবিধা করতে পারেনি দলটি। যার ফলে বার্সেলোনার কাছে হোঁচট খেতে হয়েছে দলটিকে। বুধবার দিবাগত রাতে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। এমন জয়ে গোলের দেখা পেয়েছেন ওসমানে দেম্বেলে ও লিওনেল মেসি।
মহামারী করোনায় সংক্রমিত হওয়ার কারণে জুভেন্টাসের হয়ে এদিন খেলতে পারেননি রোনালদো। ম্যাচের ১৪ মিনিটেই দেম্বেলের গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। যদিও ৩০ মিনিটের মাথায় বল জালেও জড়িয়ে ছিলো জুভেন্টাস। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সাদা-কালো শিবির বিরতির পর আরো একবার বল জালে জড়িয়েছিল। ভিএআরে সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।
৮৫ মিনিটে আন্দ্রেয়া মেরিহ দেমিরাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। ম্যাচের শেষ মুহূর্তে বার্সাকে পেনাল্টি উপহার দেয় জুভেন্টাস। এ সময় ফেদেরিকো বক্সের মধ্যে ফাউল করেন আনসু ফাতিকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
গ্রুপ পর্বে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। সমান ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিযে জুভেন্টাস রয়েছে দ্বিতীয় স্থানে।















