আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৩

741

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন । নিহতদের মধ্যে রয়েছে সেনাসদস্য ও সাধারণ মানুষ। আহত হয়েছেন ১৯ জন। রোববার নাওয়া জেলায় সামরিক বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানায়।

প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত নাওয়ার নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক লড়াই হয়েছে।
আফগান বাহিনী জানায়, জুলাইয়ে তারা নাওয়ার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দু’পক্ষের মধ্যে লড়াই চলছে।
হেলমান্দ গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, নাওয়ার একটি মার্কেটের কাছে এ বোমা হামলার ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাদেশিক রাজধানী লস্কর গাহের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ হামলার ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এ ঘটনার মাত্র কয়েকদিন আগে লস্কর গাহতে আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত সাতজন নিহত ও চল্লিশজন আহত হয়েছিল। ওই হামলার দায় স্বীকার করেছিল তালেবান।
জঙ্গি এ গোষ্ঠীটি কাবুল সরকারকে সমর্থন দিয়ে যাওয়া বিদেশি বাহিনীগুলোকে তাড়িয়ে দিয়ে আফগানিস্তানে ইসলামিক শরিয়াভিত্তিক শাসন ফিরিয়ে আনতে চায়, সেই লক্ষ্যে তারা অবিরাম লড়াই করে যাচ্ছে।