ঢাকা সংবাদদাতা: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের কামাররা। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার কামারদের ব্যস্ততাও বাড়ছে। কোরবানীদাতাদের জন্য কামাররা দা, বটি, ছুরি, চাপাতিসহ ধারালো অস্ত্র তৈরি করছেন দিন-রাত। এ ছাড়াও বাড়ীতে থাকা পুরোনো দা-বটি-ছুরি-চাপাতিতে নতুন করে ধার দিয়ে নিয়ে যাচ্ছেন মানুষজন। আর যেগেুলো ভালো আছে তাতে বাড়ীতেই পোড়া বালু দিয়ে ধার দিবেন কোরবানী দাতারা।
রাজধানীর শনির আখড়ায় রয়েছে বড় কামারপাড়া। সেখানকার কামারদের ব্যস্ততা অনেক বেড়েছে।
উজ্জ্বল সরকার নামের এক কামার জানান, কোরবানির ঈদ এলেই আয় বেড়ে যায় তাঁদের। পাশাপাশি রাত-দিন কাজ করতে হয়। এখন প্রতিদিন পাঁচ হাজার টাকা আয় হচ্ছে। যেখানে অন্য সময়ে এক হাজার টাকা আয় করতে অনেক সমস্যা হতো।
মো. রাসেল নামের আরেক দোকানি বলেন, শনির আখড়ায় ১০-১২টি কামারের দোকান রয়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে কাজের চাপ ততই বাড়ছে। সেই সঙ্গে তাঁদের বিক্রিও ভালো হচ্ছে। আগামী কয়েক দিন ছুরি-দা বিক্রি আরো বাড়বে বলেও জানান তিনি।
মনসুর নামের এক ক্রেতা বলেন, ‘ঈদ উপলক্ষে ছুরি কিনতে এসেছি। এখানে কাজের অনেক চাপের কারণে দীর্ঘক্ষণ বসে আছি। তবুও ভালো জিনিসের জন্য অপেক্ষায় আছি।’















