এবার ইংল্যান্ডকে ডোবালেন ম্যানইউ ডিফেন্ডার

240

খেলাধুলা ডেস্ক: গত ৪ঠা অক্টোবর টটেনহ্যামের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৬-১ গোলের পরাজয়ে সবচেয়ে বেশি দায় হ্যারি ম্যাগুয়ারের। ইউনাইটেড সেদিন প্রথম দুই গোল হজম করে এই ইংলিশ ডিফেন্ডারের ভুলেই। ম্যাগুয়ারের জন্য এবার হারতে হলো ইংল্যান্ডকে। বুধবার রাতে উয়েফা নেশন্স লীগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে গ্যারেথ সাউথগেটের দল। পঞ্চম ও ৩১ মিনিটে দুই অহেতুক ফাউলে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বের সবচেয়ে দামী সেন্ট্রাল ডিফেন্ডার। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাগুয়ারের লাল কার্ড দেখার চার মিনিট পরই পেনাল্টিতে গোল হজম করে ইংল্যান্ড। সেটা আর শোধ করতে পারেনি স্বাগতিকরা। আসরের প্রথম দেখাতেও ডেনমার্ককে হারাতে পারেনি ইংল্যান্ড।

ডেনিশদের মাঠে গোলশূন্য ড্র করে তারা।

ইংল্যান্ডের হয়ে লাল কার্ড দেখেছেন রিস জেমসও। ২০ বছর বয়সী এই রাইটব্যাক অবশ্য লাল কার্ড দেখেছেন শেষ বাঁশি বাজার পর। রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে এ শাস্তি পান ২০ বছর বয়সী চেলসি তারকা। পুরো ম্যাচে দারুণ খেলেছেন জাতীয় দলের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ডিফেন্ডার। ম্যাচ শেষের ঘটনার সঙ্গে হার; প্রথমবারের মতো একাদশে খেলার স্বাদ পাওয়ার ম্যাচটা সম্ভবত ভুলে যেতে চাইবেন জেমস।

টানা দুই ম্যাচে বড় ভুল করা ম্যাগুয়ার পাশে পাচ্ছেন অধিনায়ক হ্যারি কেইনকে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ভুল করার ম্যাচে প্রতিপক্ষ শিবিরে ছিলেন কেইন। পরপর দুই ভুল করা সতীর্থের পাশে দাঁড়িয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘তার ওই পজিশনে (সেন্টারব্যাক) চ্যালেঞ্জটা সবসময় বেশি থাকে। ভুল করায় সে নিজেও হতাশ। এসব কিছুই আসলে আন্তর্জাতিক পর্যায়ে শেখার একেকটি ধাপ। ম্যাগুয়ার গত তিন-চারবছর শীর্ষ ফুটবলে পারফর্ম করা সেরাদের একজন। সে অবশ্যই ঘুরে দাঁড়াবে।’ ২০০৫ সালের পর প্রথমবার ডেনমার্কের কাছে হারলো ইংল্যান্ড। সেবার প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ৪-১ গোলে হারায় ডেনমার্ক। গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডকে তাদের মাঠে ২-১ গোলে হারায় ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। দলটির হয়ে দুটি গোলই করেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু। চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে বেলজিয়াম। দুই জয় এবং একটি করে ড্র ও হারে ডেনমার্ক আর ইংল্যান্ডের সমান ৭ পয়েন্ট। ডেনিশরা আছে দুই নম্বরে। আইসল্যান্ড এখনও কোনো পয়েন্ট পায়নি।