ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, যাঁরাই অশুভ শক্তিকে ক্ষমতায় আনার চেষ্টা করবেন, তিনি বা তাঁরা যে পদেই থাকুন না কেন আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে নেমে তা প্রতিরোধ করবে।
আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজের বক্তব্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘যাঁরা এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন তাঁদেরকে আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আপনারা যে যে পদেই থাকুন না কেন, যে অবস্থানেই থাকুন না কেন আওয়ামী লীগের সকল নেতাকর্মী যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ এবং প্রস্তুত আছে। জননেত্রী শেখ হাসিনা যখনই মনে করবেন জনগণের বিরুদ্ধে কারো যদি অশুভ শক্তি, কেউ যদি চক্রান্ত করে তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিহত করবে।’
আওয়ামী লীগ ষোড়শ সংশোধনী বাতিলে আদালতের রায়কে আইনগতভাবেই মোকাবিলা করবে জানিয়ে হানিফ বলেন, তাঁরা আদালতের রায় নয়, রায়ের মধ্যে আসা অপ্রাসঙ্গিক মন্তব্যের সমালোচনা করছেন এবং ভবিষ্যতেও সেই সমালোচনা করবেন।
বিএনপি জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আদালতের মাধ্যমে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপি নেতারা বিচারপতিদের মুখপাত্র, না বিচারপতিরা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন তা নিয়ে প্রশ্ন রাখেন হানিফ।















