পদ হারাচ্ছেন মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার

546

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ অকয়েনকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নৌবাহিনী।

গেলো সোমবার মার্কিন রণতরী ইউএসএস জন ম্যাককেইনের সাথে একটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়। মালাক্কা প্রণালির পূর্বদিকে ঘটা এশিয়ার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের এরকম সংঘর্ষের এটি চতুর্থ ঘটনা। এর আগে গেলো ১৭ জুন জাপানের ইয়োকোসুক বন্দরের কাছে ইউএসএস ফিটজেরাল্ডক ও এক কনটেইনারের মধ্যে ঘটা সংঘর্ষে সাত মার্কিন সেনা নিহত হয়েছিলেন। সংঘর্ষের শিকার হওয়া এ রণতরীগুলো সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত। রণতরীগুলোর সংঘর্ষের ঘটনায় সপ্তম নৌবহরের কমান্ডার জোসেফ অকয়েনের নেতৃত্ব সমালোচনার মুখে পড়ে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে জোসেফ অকয়েনের অবসরে যাবার কথা থাকলেও নৌবাহিনীর কঠোর রীতি এবং ঐতিহ্য অনুযায়ী কারো নেতৃত্বের উপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আস্থা না রাখতে পারলে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়। সপ্তম নৌবহর থেকে দেয়া এক বিবৃতিতে জোসেফ অকয়েনকে সরিয়ে দেয়ার ব্যাপারে কোন কারণ উল্লেখ না করা হলেও জন ম্যাককেইনের সেনারা স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে চেষ্টা করছে বলে জানানো হয়েছে।

এদিকে মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, ডুবুরিরা ইউএসএস জন ম্যাককেইন রণতরীর ডুবে যাওয়া অংশের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে অনুসন্ধানের সময় মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছে। আমেরিকার নৌবাহিনীর এডমিরাল স্কট সুইফটও বলেছেন, নিখোঁজ ১০ নাবিকের কিছু দেহাবশেষ পাওয়া গেছে। সংঘর্ষের পরপর পাঁচ মার্কিন নাবিক আহত এবং ১০ নাবিক নিখোঁজ হওয়ার কথা জানিয়েছিল দেশটির নৌবাহিনী।