ঢাকা সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দু’যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুটি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে ওই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহির উদ্দিন ও তথ্য বিষয়ক সম্পাদক আনিসুর রহমান।
নির্যাতিত কিশোরীর বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম গ্রামে। ধর্ষণের ঘটনায় দু’জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা করেছে ওই কিশোরী।
নির্যাতিতা ওই কিশোরী জানান, গেলো তিনদিন আগে সে তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেলে কিশোরী তার ছোটভাই নাঈমকে (১০) নিয়ে চলনবিল দেখতে মহিষলুটি আসে।
পথে দুলাভাইয়ের বন্ধু আনিসুর রহমান তাদেরকে ব্যাটারিচালিত রিকশায় তুলে নিয়ে বিদ্যাধর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখে। সন্ধ্যার দিকে কিশোরীর ভাই নাঈমকে অন্য এক জায়গায় নিয়ে যায় আনিস। পরে রাত সাড়ে আটটার দিকে আনিস ও তার বন্ধু ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহির উদ্দিন কিশোরীকে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে কিশোরীকে উদ্ধার করে। পালিয়ে যায় ধর্ষণকারী দু’যুবলীগ নেতা। পরে পুলিশ কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তাড়াশ থানার ওসি মনজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিশোরীর ভাই নাঈমকে উদ্ধার ও অভিযুক্তদের আটকের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।















