আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তার রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেয়ার সুফল পেতে শুরু করেছেন। ভারতীয়-জ্যামাইক্যান বংশোদ্ভূত এ নারীকে রানিং মেট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ব্লাক রেডিও তাদের জনপ্রিয় শোতে কমলাকে নিয়ে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।
কমলার নাম ঘোষণার পর প্রথম ২৪ ঘণ্টায় বাইডেনের প্রচারণা শিবিরের তহবিলে জমা পড়েছে ৩৪ মিলিয়ন ডলার, যা রেকর্ড। একইভাবে যুক্তরাষ্ট্রের ঝুলন্ত রাজ্যগুলোতে (সুইং স্টেটস) ‘কমলা ঝড়’ তোলার পরিকল্পনা করছেন বাইডেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, আগামী সপ্তাহগুলোতে সুইং স্টেটগুলোর কৃষ্ণাঙ্গ, অভিবাসী, তরুণ অ্যাকটিভস্ট ও নারী ভোটারদের সঙ্গে ওয়াশিংটন থেকে অনলাইনে জনসংযোগে নামবেন কমলা। এর পরবর্তী সপ্তাহ থেকে শুরু হবে বাইডেন-কমলা জুটির যৌথ টেলিভিশন সাক্ষাৎকার।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আর মাত্র ৮১ দিন বাকি। ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে জোর প্রচারণায় নেমেছে বাইডেন-কমলা জুটি। বৃহস্পতিবার বাইডেনকে পাশে রেখে করোনাভাইরাস নিয়ে ব্রিফিং করেছেন কমলা।
পরে ভাইরাস নিয়ে সতর্কতা হিসেবে যৌথ বিবৃতি দিয়েছেন, যাকে বিশেষজ্ঞরা ‘বাইডেন-হ্যারিস কৌশল’ বলে আখ্যা দিচ্ছেন। ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের গভর্নরদের নির্দেশ দিয়েছেন যাতে নাগরিকরা ঘরের বাইরে বের হওয়ার আগে মাস্ক পরেন।
মাস্কবিধি মানলে অন্তত ৪০ হাজার মানুষের প্রাণ বাঁচবে বলেও জানান বাইডেন। কমলা বলেন, ‘এটাই আসল নেতৃত্ব। যারা জনগণের সুরক্ষা নিয়ে চিন্তা করেন।’















