আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে দুটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে একজন শান্তিরক্ষী, একজন কন্ট্রাক্টর ও মালির সাতজন নিহত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মালিতে অবস্থিত জাতিসংঘ মিশন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মপটি অঞ্চলের ডুয়েনটজাতে সকালে প্রথম হামলা হয়। এতে নিহত হন টোগোলির একজন শান্তিরক্ষী ও মালির একজন সেনা সদস্য। এর কয়েক ঘন্টা পরে উত্তরপশ্চিমাঞ্চলে তিম্বুকতুতে জাতিসংঘ মিশনের ক্যাম্পে অস্ত্র ও গ্রেনেড সহ প্রবেশ করে ছয় দুবৃত্ত। এ বিষয়ে আলাদা একটি বিবৃতি দিয়েছে জাতিসংঘ। তাতে বলা হয়েছে, ওই ক্যাম্পে প্রবেশ করেই তারা জাতিসংঘে নিযুক্ত মালির নিরাপত্তা প্রহরীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে প্রহরীদের ৫ জন নিহত হন। নিহত হন একজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক কন্ট্রাক্টর। তবে তারা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি। ওদিকে জাতিসংঘের এক সূত্র বলেছেন, এ হামলায় ৬ জন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। তবে বিবৃতিতে বলা হয়েছে, একজন আহত হয়েছেন। তিনি মারা যান নি। ওদিকে ডুয়েনটজা ও তিম্বুকতুতে জঙ্গি সন্দেহে ৮ জনকে হত্যা করা হয়েছে। শান্তিরক্ষীদের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরাঁ। তিনি এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের টার্গেট করে এ হামলাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যায়।
মালির এ ঘটনা তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনতে মালির প্রতি আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মালিতে জাতিসংঘের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ সালেহ আন্নাদিফ বিবৃতিতে এ হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা জানিয়েছেন। এ হামলায় যারা জড়িত তাদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য আমাদেরকে সব প্রচেষ্টার সমন্বয় ঘটাতে হবে। ওদিকে মালির নিরাপত্তা বিষয়ক এক সূত্র বলেছে, তিম্বুকতুতে যেসব নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন তারা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। হামলার পর পরই ওই এলাকায় মোতায়েন থাকা মালি ও ফরাসি হেলিকপ্টার ব্যবহার করে পাল্টা জবাব দেয়া হয়। তারা সন্ত্রাসী হামলাকারীদের ওপর গুলি ছোড়ে।















