উত্তর কোরিয়াবিষয়ক নতুন বিশেষ দূত নিয়োগ দিয়েছে চীন

962

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়াবিষয়ক নতুন বিশেষ দূত নিযোগ দিয়েছে চীন। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইয়োকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র দফতর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগের বিশেষ দূত উ দাওয়ের অবসরে যাওয়ার বয়স হয়ে যাওয়ার কারণে সোমবার কংকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

৫৮ বছর বয়সী কং চীনা প্রদেশ হেইলংজিয়াং এর উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার এথনিক কোরিয়ান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এশিয়াবিষয়ক দায়িত্ব পালন করেছেন তিনি। জাপানে চীনা দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভিয়েতনামে চীনা দূত হিসেবেও নিয়োজিত ছিলেন কং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং জানান, কং এরইমধ্যে উ এর কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে কোরীয় উপদ্বীপে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সঙ্গে এ নিয়োগের সম্পর্ক নেই বলে দাবি করেছেন তিনি। নতুন নিয়োগের কারণে কোরীয় উপদ্বীপে চীনা নীতির পরিবর্তন আসবে না বলেও জানিয়ে দিয়েছেন হুয়া চুনইং।