রাজধানীতে সাড়ে তিন বছরের শিশুর করোনা

412

ঢাকা সংবাদদাতা: রাজধানীর বংশাল থানার বাচারাম দেউরি এলাকায় সাড়ে তিন বছরের শিশুর কোভিড ১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

চিকিৎসকরা বলছেন যে, পরিবারের অন্য একজন কোভিড ১৯ পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় শিশুটি আক্রান্ত হয়েছে। যদিও বলা হচ্ছে যে সাধারণত ২০ বছর বয়সের নিচে করোনা আক্রান্তের আশঙ্কা অনেক কম। এই অবস্থায় সাড়ে তিন বছর বয়সী শিশুর আক্রান্তের খবরটি শংকাজনক।

এই অবস্থায় শিশুদের জ্বর, সর্দিকাশি হলে তা মোটেও অবহেলা করার সুযোগ নেই, বলছেন চিকিৎসকরা। এই ধরনের রোগীদের দ্রুত করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছেন তারা।

রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের করোনাকালীন নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিশুটির স্যাম্পল সংগ্রহ করা হয়। স্যাম্পল পরীক্ষা করা হয় ঢাকা শিশু হাসপাতালের ল্যাবে। শিশুটি এখন পরিবারে হোম কোয়ারেন্টাইনে আছে।

উল্লেখ্য যে, এর আগে চার মাস বয়সী একজন শিশুর করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।