রাজধানীর ১৩ এলাকা করোনা ভাইরাসের রেড জোন

307

ঢাকা সংবাদদাতা: ঢাকা সিটিতে করোনার সংক্রমণ দ্রুতই বাড়ছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। রাজধানীতে মোট আক্রান্ত ২৭১৭ জন। যা মোট আক্রান্তের ৫২ দশমিক ২৬ শতাংশ। কমপক্ষে দেড় শতাধিক স্থানে করোনার সংক্রমণ ছড়িয়েছে। রাজধানীর ১৩ এলাকা করোনা ভাইরাসের রেড জোন বলছে সরকার।
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটলেও রাজধানী ও ঢাকা বিভাগেই এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানীর ১৩টি অঞ্চল চিহ্নিত হয়েছে শীর্ষ আক্রান্ত এলাকা হিসেবে। এলাকাগুলো হলো- রাজারবাগ(৯৯ জন শনাক্ত) , যাত্রাবাড়ী (৬৭ জন), লালবাগ(৫৯ জন), মোহাম্মদপুর(৫৪ জন), বংশাল(৪৭ জন), মুগদা( ৫১ জন),মহাখালী(৩৮ জন), মিটফোর্ড(৩৮ জন), মিরপুর-১৪(৩৬ জন), তেজগাঁও(৩৬ জন), ওয়ারী(৩৪ জন), শাহবাগ(৩৪ জন) কাকরাইল ও উত্তরায় (৩৩ জন করে রোগী পাওয়া গেছে।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ৫১তম দিনে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, সাতক্ষীরা ও নাটোর- এ চার জেলা ছাড়া বাকি ৬০টি জেলায়ই করোনার সংক্রমণ ঘটেছে। তবে করোনার সংক্রমণ সারাদেশে ঘটলেও মূলত রাজধানী ঢাকা ও ঢাকা বিভাগেই প্রায় ৮৫ শতাংশ রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। এরপর শীর্ষ আক্রান্ত এলাকা হিসেবে ওই ১৩টি স্থানের নাম উল্লেখ করেন ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভাইরাসটিতে ১৫২ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৭৬ জনই ঢাকা সিটিতে মারা গেছেন।
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা ১৬৮০ জন। মারা গেছেন ৫২ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।