খেলাধুলা ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাস বিস্তারে লিভারপুলের একটি ম্যাচকে দায়ী করা হচ্ছে।
করোনার প্রাদুর্ভাবের মধ্যেই গত ১১ মার্চ অ্যানফিল্ডে লিভারপুল বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ওই ম্যাচটি হয়েছিল।
যেখানে ম্যাচ দেখতে স্পেন থেকে ৩ হাজারের বেশি দর্শক জড়ো হয়েছিলেন।
ব্রিটিশ গবেষকের অভিযোগ, সেদিন করোনায় আক্রান্ত মাদ্রিদের বাসিন্দাদের থেকে গ্যালারির ৫২ হাজার দর্শকের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। কারণ ওই ম্যাচের আগেই করোনার কারণে মাদ্রিদ শহর আংশিক লকডাউন চলছিল।
গবেষকদের এই অভিযোগ আমলে নিয়েছে লিভারপুলের সিটি কাউন্সিল। করোনা বিস্তারে চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচের দায় কতটুকু; তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
জানা গেছে, বিষয়টি তদন্তে ইতিমধ্যে মুরস বিশ্ববিদ্যালয়ের সংক্রামক বিশেষজ্ঞদের সাহায্য চাইছে লিভারপুল সিটি মেয়র স্টিভ রটারহাম।
লিভারপুল সিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, লিভারপুল সিটি কাউন্সিল, লিভারপুল বিশ্ববিদ্যালয় এবং জন মুরস বিশ্ববিদ্যালয় মিলে কোভিড-১৯ বিস্তারে ১১ মার্চের সেই ম্যাচের প্রভাব খতিয়ে দেখবে।
এ নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধান করা হবে বলে তিনি দাবি করেন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দেড় লাখের কাছাকাছি। তবে এদের কেউ গত ১১ মার্চের সেই খেলা দেখতে মাঠে গিয়েছিলেন কি না; তা জানা সম্ভব হয়নি।
এমন কি লিভারপুলে আক্রান্তদের সঙ্গেও সেই ম্যাচের নিশ্চিত কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
তবুও গত ২০ এপ্রিল সরকারের উপপ্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অ্যাঞ্জেলা ম্যাকলিক দাবি করেছেন, লিভারপুল বনাম অ্যাটলেটিকো ম্যাচ আরও অনুসন্ধান বা তদন্তের দাবি রাখে।
সে কারণেই জন মুরস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে বিষয়টি খতিয়ে দেখে একটি সিদ্ধান্তে আসতে চায় লিভারপুল সিটি কাউন্সিল।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান















