রাজারবাগে কোয়ারেন্টিনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

515

ঢাকা সংবাদদাতা: ঢাকার রাজারবাগে কোয়ারেন্টিনে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য সোমবার মারা গেছেন।

ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল গুরুতর অসুস্থ হয়ে পড়লে রোববার রাতে তাকে রাজারবাগ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, উনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। প্রেসার ও ডায়াবেটিস ছিল।

এ পুলিশ সদস্যের লাশ এখন হিমঘরে রাখা হয়েছে। ২০০২ সালে পুলিশে যোগদান করা এ পুলিশ সদস্যের বাড়ি ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

করোনাভাইরাস মহামারী মোকাবেলার কাজে যুক্ত পুলিশের বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন।

অসুস্থ অবস্থায় তার নমুনা পরীক্ষা করা হলে করোনাভাইরাস রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেয়া হবে।

আক্রান্ত অর্ধশতাধিক পুলিশ সদস্য রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের বড় অংশ ঢাকা মহানগর পুলিশে কর্মরত।