ওয়ানবাংলানিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত বরিস জনসনকে চিঠি লিখে সহানুভূতি জানিয়ে এই সঙ্কটকালে যুক্তরাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারোয়ার-ই-আলম শনিবার সাংবাদিকদের জানান, চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর আশু আরোগ্য কামনা করেছেন।
বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুক্রবার নিশ্চিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন।
শুধু তিনিই নন, তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ঘটেছে ব্রিটিশ যুবরাজ চার্লসের দেহেও।
যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ইতোমধ্যে হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১৭ হাজার। অন্যদিকে বাংলাদেশে ৪৮ জন কোভিড-১৯ রোগী ধরা পড়েছে, মারা গেছে পাঁচজন।
চিঠিতে শেখ হাসিনা বলেছেন, “পারস্পরিক স্বার্থে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ধারাবাহিকতায় আমাদের সরকার সবসময় এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিটিশ সরকারের সঙ্গে কাজ করতে এবং সফল হতে দৃঢ় সংকল্পবদ্ধ।”
করোনাভাইরাসের বিস্তার মোকাবেলার এই লড়াইয়ে বাংলাদেশে বরিস জনসনের গতিশীল নেতৃত্বে যুক্তরাজ্য গৃহীত পদক্ষেপ, যেমন লকডাউন,আর্থিক প্রণোদনার মতো কর্মসূচিগুলো অনুসরণ করছে বলেও জানান শেখ হাসিনা।















