আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চলতি সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি সিউল। জানালেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউইয়ু ওহা।
ফিলিপাইনের ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।
ওই সম্মেলনের মধ্যে যেকোনো সময় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি দক্ষিণ কোরিয়া।
এরই মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। আর এই অবস্থায় আলোচনার প্রস্তুতির কথা জানালো দক্ষিণ কোরিয়া।
তবে দু’দেশের আলোচনা স্বাভাবিক প্রক্রিয়ায় হতে হবে বলে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার একমাত্র আন্তর্জাতিক বন্ধু ও প্রধান বাণিজ্যিক অংশীদার চীন এবার এ প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে। যদিও এর আগে তারা বিভিন্ন সময় পিয়ংইয়ংয়ের জন্য ক্ষতিকর বিভিন্ন প্রস্তাবে ভেটো দিয়েছিল।
এ বছরের শুরুর দিকে তারা পিয়ংইয়ংকে চাপ দেয়ার জন্য কয়লা আমদানিও স্থগিত করে।
এর আগে এক মাস ধরে আলোচনার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে এবং তাদের পারমানবিক অস্ত্রের পরীক্ষা বন্ধে পিংইয়ংকে চাপের মুখে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে আমেরিকা চীনের সঙ্গে একটি চুক্তি করে।
আরোপ করা জাতিসংঘের অবরোধ সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। সবশেষ গেলো ২৮ জুলাই আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেটি আমেরিকায় আঘাত হানতে সক্ষম বলে দাবি করে দেশটি।















