স্বরাষ্ট্র মন্ত্রণালয় খালেদা জিয়াকে মুক্তি দেবার ক্ষমতা রাখে না: স্বরাষ্ট্রমন্ত্রী

313

ঢাকা সংবাদদাতা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার পরিবার থেকে একটা আবেদন করেছে। সেই আবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে মুক্তি দেবার ক্ষমতা রাখে না। তাকে মুক্তি দিতে হলে আইনের আশ্রয় এবং আদালতে যেতে হবে। আমরা আইন মন্ত্রণালয়ে সেই চিঠি পাঠিয়ে দিয়েছি মতামতের জন্য। তারাই পরবর্তী ব্যবস্থা নিবেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে হজ্জ বুথ সেবা-২০২০ শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আইন মন্ত্রণালয় বলেছে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, দেখুন আইনের বাইরে তো আইনমন্ত্রী মহোদয় কিছু বলতে পারেন না। আবার আমরাও যেতে পারি না। আমরা যেখানে যা প্রয়োজন তাই করছি। তার আবেদনটা আমরা আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আবারো বলছি যাই কিছু করতে হয় এটা বিচারবিভাগীয় ব্যবস্থার মাধ্যমে হবে; এর বাইরে কিছু হবে না।

মুজিববর্ষের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুষ্ঠান সম্পর্কে গতকাল গণভবন থেকে প্রেস রিলিজ দিয়েছে। ওখানে আমাদের যা যা বলা হয়েছে তাই আমরা ফলো করব। জাতীয় বাস্তবায়ন কমিটি কালকে এবং ভবিষ্যতে কী করব সব প্রোগ্রাম আপনাদের তারাই জানাবে। এখানে আমাদের কিছু বলার নেই।’

আমাদের নিরাপত্তা বাহিনী এবং এই দেশের জনগণ উন্মুখ হয়ে রয়েছিল তারা এই মুজিববর্ষটা হৃদয় দিয়ে পালন করবে। যে ভাইরাসের কথা বলা হচ্ছে সেটা আমাদের জনগণকে আটকে রাখতে পারবে না। জনগণ যে যার জায়গা থেকে মুজিববর্ষ পালন করবে। যে কোন কিছুতে আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ থাকে। এই আনন্দের দিনে কেউ কোন ধরণের বিব্রতকর পরিস্থিতি করার চেষ্টা আমার মনে হয় করবেনা বা সাহস করবে না।