ঢাকা সংবাদদাতা: রাজধানীর কদমতলীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, নিহত বেলাল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
শুক্রবার রাত ৯টার পর এ ঘটনা ঘটে।
র্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, কদমতলীর ওয়াসা রোডে মাদকের আখড়ায় র্যাব অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। পরে র্যাবও গুলি চালায়। এতে বিলাল মিশরী ওরফে ডাকাত বেলাল নামে এক ব্যক্তি নিহত হন।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, বেলালের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি মামলা আছে। ওই ঘটনায় র্যাবের তিন সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।















