ওয়ানবাংলানিউজ: বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামের জনগণের ঐক্যবদ্ধ প্রয়াসে শুরু হয়েছে রাস্তার উন্নয়ন। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন। সাথে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জিয়াউল বারি চৌধুরী সাইনু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন হেলাল চৌধুরী।
প্রায় দুই দশকেরও বেশি সময় সিলেট জকিগঞ্জ সড়কের আলীনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে সুরমা ডাইক পর্যন্ত রাস্তা পাকা করনের পর থেকে সরকারী বা বেসরকারী উদ্যোগে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয় নাই। ২০১৯ সালে একটি সংস্কার প্রকল্প বাস্তবায়ন করার কথা থাকলেও অজানা কারনে ঠিকাদারী প্রতিষ্ঠান আজও কাজ শুরু করেনি। সবদিক বিবেচনায় গ্রামবাসী রাস্তা প্রশস্ত করন, ভাঙন রোধ, সৌন্দর্য বর্ধন ও লাইট পোস্ট স্থাপনের নিমিত্তে গত বছর ২৭ ডিসেম্বর শুক্রবার জুমুয়ার নামাজান্তে আলীনগর কেন্দ্রীয় জামে মসজিদে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করে।

গার্ড ওয়াল ও উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন কালে অতিথি বৃন্দ ও শতাধিক গ্রামবাসীকে নিয়ে বিশেষ মোনাজাত করেন আলীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার ও ডিএম হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য মামুন আহমদ, আলীনগর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী শাহজাহান হোসেন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনির, ডিএম হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মুয়াজ্জিম হোসেন, ইউপি সদস্য মৌলানা জুবায়ের আহমদ, মৌলভী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, হাবিলদার শাহাব উদ্দিন, দারুস-সালাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আপ্তার উদ্দিন, আব্দুস সালাম, আলিনগর সবুজ পল্লী কল্যাণ সমিতির সদস্য মাতাব আহমেদ ও সিপার আহমেদ, রিজন চৌধুরী, নাজমুল সাকির চৌধুরী, সাদি চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, সিরাজ উদ্দিন, ফখরুল চৌধুরী, তারেক আহমদ, রুমান আহমদ, বুরহান আহমদ, সানু আহমদ ও তৈমুর চৌধুরী সহ অন্যান্য গ্রামবাসী।
ওয়ার্ড মেম্বার মামুন আহমদ ও মুতাওয়াল্লী শাহজাহান হোসেন চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান অচিরেই রাস্তা কার্পটিংয়ের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান। গ্রামবাসী টিকর পাড়া থেকে আলীনগর কেন্দ্রীয় গুরুস্থান (মাজার টিলা) পর্যন্ত গার্ড ওয়াল, ল্যাম্প পোস্ট স্থাপন সহ সৌন্দর্য বর্ধনের কাজ সম্পন্ন করবে। তাছাড়া ভবিষ্যতে মাজার টিলা থেকে হাড়া ব্রিজ পর্যন্ত গার্ড ওয়াল নির্মাণের পরিকল্পনার কথা জানান। নেতৃবৃন্দ আলীনগর সবুজ পল্লী কল্যাণ সমিতি কর্তৃক লাগানো গাছ গুলো উন্নয়ন ফান্ডে দান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।















