ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাদের অনেকে এখানে কাজ করেন। তাদের দূতকে বলেছি অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছি। একমাসের জন্য আসা বন্ধ। এটা সাময়িক। তারা মেনে নিয়েছেন। তবে ভিসা নিয়ে আসতে পারবেন, এজন্য হেলথ সার্টিফিকেট লাগবে।
তিনি জানান, ১ ফেব্রুয়ারি চীন থেকে যে বাংলাদেশিদের ফেরত আনা হয়েছে, তাদের মধ্যে অসুস্থ অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের নিয়মিত দেখভাল করছেন চিকিৎসকরা।















