আশুলিয়ায় হোম কেয়ারে ৫ মাসের শিশু নিহত

329

ঢাকা সংবাদদাতা: ঢাকার আশুলিয়ায় একটি হোম কেয়ারে মারিয়া নামে ৫ মাসের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় হোম কেয়ারের মালিক নূরজাহান বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

মারিয়ার মা রেখা বেগম এবং বাবা ফারুক হোসেন বুড়িরবাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় স্টাইরিজ পোশাক কারখানায় চাকরি করেন।

সোমবার রাতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার আব্দুল কুদ্দুসের বাড়ির হোম হেয়ার থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মারিয়া রাজশাহী জেলার বাগমারা থানার ফারুক হোসেন ও রেখা বেগমের মেয়ে।

নিহতের মা-বাবা জানান, নূরজাহান বেগমের হোম কেয়ারে শিশু মারিয়াকে ৩ হাজার টাকা মাসিক খরচে রেখে তারা চাকরি করেন। সোমবার সকালে শিশু মারিয়াকে প্রতিদিনের মতো নূরজাহানের কাছে রেখে পোশাক কারখানায় চাকরিতে যান।

বাসায় ফিরতে একটু দেরি হয়। বাসায় ফিরে নূরজাহানের হোম কেয়ারে গেলে মারিয়ার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে হোম কেয়ার থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ সময় হোম কেয়ারের মালিক নূরজাহানকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান জানান, মারিয়া নামের ৫ মাসের একটি শিশুকে তার মা-বাবা বুড়িরবাজার এলাকার হোম কেয়ারে রেখে পোশাক কারখানায় চাকরিতে যান। সন্ধ্যায় হোম কেয়ারে শিশুটি অসুস্থ হলে হোম কেয়ারের মালিক নূরজাহান তাকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, শিশুটির গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় হোম কেয়ারের মালিক নূরজাহান বেগমকে আটক করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। মারিয়ার লাশ ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে হত্যার বিষয় আসলে পুলিশ বাদী হয়ে পরে মামলা করা হবে বলেও জানানো হয়।