আন্তর্জাতিক ডেস্ক: বড় আশা নিয়ে অপেক্ষায় ছিলেন ছেলের ঘরে পুত্রসন্তান হবে। নাতির মুখ দেখবেন সোনার লকেট দিয়ে। সেজন্য কষ্ট করে কিছু টাকাও জমিয়েছিলেন। কিন্তু তার সব আশা ধূলিসাৎ করে কন্যাসন্তানের জন্ম দেন তার পুত্রবধূ। এ ঘটনায় মনের দুঃখে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই নারী।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায়।
আত্মঘাতী হওয়া ওই নারীর নাম আন্না। চার ছেলে আর দুই মেয়েকে নিয়ে সুখের সংসার ছিলো তার। তার বড় ছেলে গৌতম মণ্ডল কয়েক বছর আগে বিয়ে করেন। গত ১৪ সেপেটম্বর তার স্ত্রী স্থানীয় এক হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন। কিন্তু ছেলের ঘরে পুত্রসন্তান না হওয়ায় খুব কষ্ট পেয়েছিলেন ওই নারী। এ নিয়ে মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দেন।
এ নিয়ে তার বড় ছেলে বলেন, ‘মা আশা করেছিলেন আমার ছেলে হবে। মায়ের ইচ্ছা ছিল নাতিকে সোনার লকেট দেবেন। টাকা জমিয়ে অনাগত নাতির জন্য সোনার লকেটও কিনে রেখেছিলেন।’
গত শনিবার ছেলের বউ আর নাতনিকে নিয়ে হাসপাতাল থেকে বাড়িও ফিরেন একসঙ্গে। ওই রাতেই নিজের ঘরে বিষ খান তিনি। টের পেয়ে বাড়ির লোকজন দ্রুত তাকে তেহট্ট হাসপাতালে ভর্তি করে। রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। এ ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।















