সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন ২৩ আগস্ট

514

ঢাকা সংবাদদাতা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল গত সাড়ে ৫ বছরে ৪৯তমবারের জন্য পেছাল। আগামী ২৩ আগস্ট দিন আবার তদন্ত প্রতিবেদন দাখিল ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম এই দিন নির্ধারণ করেন।
আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল ১১ জুলাই। কিন্তু তদন্ত কর্মকর্তা র্যাতপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া তদন্ত প্রতিবেদন দাখিল না করায় নতুন দিন ঠিক করেন বিচারক।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, এ নিয়ে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৪৯তমবারের মতো পেছাল।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পর রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আটক করা হয়। বাকিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, তানভীর, আবু সাঈদ ও বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির। এর মধ্যে পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান জামিনে রয়েছেন।