ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খুরের মুখ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
নিহতরা হলেন আব্দুর রশিদ (৪৫) ও আবুল কালাম (৩৫)। তাদের বাড়ি সাবরাং ইউনিয়নে। তাঁরা তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ওসি আরো দাবি করেন, গভীর রাতে পুলিশের একটি দল মাদক উদ্ধারের জন্য নাফ নদীর খুরের মুখ এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
‘তখন ঘটনাস্থল থেকে দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।’
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।















