ঢাকা সংবাদদাতা: রাজধানীর বিমানবন্দর এলাকায় রেলস্টেশনের ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে মালিবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। উভয়েরই নাম ও পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ওই দুই নারীর নাম ও পরিচয় জানা যায়নি।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বিমানবন্দর রেলস্টেশনে ময়মনসিংহগামী একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান ওই নারী। পরে সেই ট্রেনের নিচেই কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।
ঘটনার পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাজধানীর মালিবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের পরনে ছিল জর্জেট কাপড়ের সালোয়ার-কামিজ।
দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পুলিশ সার্জেন্ট শুভ কুমার দে। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
শুভ কুমার দে জানান, মালিবাগ আবুল হোটেলসংলগ্ন রাস্তায় যাত্রীবাহী সুপ্রভাত গাড়ি ধাক্কায় আহত হলে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর বলে জানান তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।















