সন্তানকে ৫ বছর লকারে লুকিয়ে রেখেছেন মা!

738

আন্তর্জাতিক ডেস্ক: ৫ বছর ধরে নিজের সন্তানকে প্লাস্টিকে মুড়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা! নিজেই থানায় এসে স্বীকার করলেন।

মঙ্গলবার জাপানের রাজধানী টোকিও শহরের এক মহিলা থানায় এসে বলেন, ৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি!

পরে মহিলার কথা শুনে টোকিওর উগুইসুদানি রেল স্টেশনের লকার খুলে ওই শিশুর হাড় উদ্ধার করে পুলিশ।

ঠিক কী হয়েছিল? নিজের সন্তানকে কেন লকারে লুকিয়ে রেখেছিলেন তিনি? পুলিশের কাছে নিজেই খোলসা করলেন ওই মহিলা।

পুলিশকে ওই মহিলা জানান, ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। কেউ যাতে সেটা জানতে না পারে, এই জন্যে গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন।

কিন্তু সম্প্রতি তার পার্টনারের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে। পার্টনার তাকে বাড়ি থেকে বের করে দেন। লকারের চাবিটা ওই মহিলা বাড়িতেই ফেলে এসেছিলেন, কেউ যাতে জানতে না পারেন সেই ভয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। সব ঘটনা পুলিশকে খুলে বলেন।

পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ওই মহিলা ঠিক বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।