ক্যালিফোর্নিয়ায় ৫ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

717

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারী তাঁর স্ত্রীসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কার্ন কাউন্টির বেকার্সফিল্ড এলাকায় মালপত্র পরিবহনের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরে আত্মহত্যা করেন বন্দুকধারী।

কার্ন পুলিশের কর্মকর্তা ডনি ইয়াংব্লাড সংবাদ সম্মেলনে জানান, ওই বন্দুকধারী প্রথমে তাঁর স্ত্রী ও অপর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। সেখান থেকে ধাওয়া দিয়ে তিনি আরেকজনকে হত্যা করেন। পরে একটি বাড়িতে ঢুকে আরো দুজনকে গুলি করে হত্যা করেন বন্দুকধারী।

পুলিশ জানায়, পরে এক নারী ও তার মেয়ের কাছ থেকে একটি গাড়ি কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন ওই বন্দুকধারী। একটি খেলনাসামগ্রীর দোকানের সামনে তিনি আত্মহত্যা করেন।

বন্দুকধারীর ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।