নৈশকোচের ধাক্কায় দুই সন্তানসহ পিতা নিহত

511

ঢাকা সংবাদদাতা: পঞ্চগড়ের বোদা উপজেলায় নৈশকোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধনীপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, আক্তারুজ্জামান (৪৫), তার ছয় বছর বয়সী মেয়ে আফসা ইবনাত আদিয়া এবং ১৪ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। এ ঘটনায় মা তানিয়া আক্তার (৩৫) আহত হয়েছেন।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আক্তারুজ্জামান জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি পঞ্চগড় শহরের পূর্ব জালাসী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আক্তারুজ্জামান তার স্ত্রী ও দুই সন্তানসহ ঠাকুরগাঁও থেকে ছোট ছেলের চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে পঞ্চগড় শহরের বাসায় ফিরছিলেন। এ সময় ধনীপাড়া এলাকায় একটি নৈশকোচ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আক্তারুজ্জামান মারা যান। দুই সন্তান ও স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে শিশু দুটি মারা যায়। মা তানিয়া আক্তারকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।