দেড় মাসের শিশুকে হত্যার পর পুকুরে ফেললো পিতা

1099

ঢাকা সংবাদদাতা: রূপগঞ্জে বাবা ও দাদি মিলে জোনায়েদ হোসেন নামে দেড় মাসের এক শিশু সন্তানকে গলাটিপে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত শিশুর দাদি ও বাবাকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নরাব এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত দেড় বছর আগে নরাব এলাকার বাউল শিল্পী আরব দেওয়ানের একমাত্র মেয়ে মৌসুমী (১৮) আক্তারের সঙ্গে একই এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে ও স্থানীয় পদ্মা টেক্সাইল মিলের শ্রমিক আবু বক্করের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে আবু বক্কর বিয়ে করতে অনীহা প্রকাশ করলে এলাকাবাসী ও স্থানীয় কাউন্সিলর মিলে তাদের বিয়ে পড়িয়ে দেন। কিন্তু আবু বক্করের মা মনোয়ারা বেগম এ বিয়ে মেনে নিতে পারেননি।

একই বাড়িতে বসবাস করলেও তিনি ছেলেকে নিয়ে আলাদা ঘুমাতেন আর ছেলের বৌ একা অন্যত্র বিছানা পেতে ঘুমাতেন। এছাড়া যৌতুক দাবিসহ বিভিন্ন অজুহাতে আবুবক্কর ও তার মা মনোয়ারা বেগম মৌসুমীকে শারীরিক নির্যাতন করতো। এ অবস্থায় মৌসুমী গর্ভবতী হলে বেপরোয়া হয়ে উঠে মনোয়ারা বেগম। তিনি তার ছেলেকে বাচ্চা নষ্ট অথবা বৌকে তালাক দেয়ার চাপ প্রয়োগ করেন। পরে মৌসুমীর পিতা ৪ মাস আগে আবুবক্করের বাড়িতে নতুন ঘর তুলে দিলে মনোয়ারা বেগম মৌসুমীর গর্ভের সন্তানকে মেনে নেন। এ বছরের এপ্রিল মাসের শেষদিকে শিশু জোনায়েদের জন্ম হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে একই ঘরে আবু বক্কর ও তার মা একসাথে অন্যদিকে মৌসুমী তার শিশুসন্তানকে নিয়ে আলাদাভাবে ঘুমাতে যান। রাত ১২টার দিকে মৌসুমীর ঘুম ভেঙে গেলে দেখতে পান পাশে ঘুমানো তার শিশু সন্তান জুনায়েদ নেই। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন সজাগ হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় দাদি মনোয়ারা বেগম রটাতে থাকেন তার নাতিকে পেত্নী ধরে নিয়ে গেছে। একপর্যায়ে প্রতিবেশী সুফিয়া বেগম নামে এক মহিলা টর্চের আলোতে আবুবক্করের বাড়ির পাশের পুকুরে জোনায়েদের দেহ ভেসে থাকতে দেখেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিতে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহত শিশুর মা মৌসুমী আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামী আবু বক্কর ও শাশুড়ি মনোয়ারা বেগম অকারণেই আমাকে শারীরিক নির্যাতন করতো। তারা আমার সন্তানকে মেনে নিতে পারেনি। তাই তারা আমার এই অবুঝ শিশুটিকে হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। রাতেই এলাকাবাসী শিশুটির বাবা ও দাদির রহস্যজনক আচরণের দেখে উভয়কে আটক করে গণধোলাইয়ের পর বুধবার সকালে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ব্যাপারে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সেলিম রেজা বলেন, নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঙ্গুলের ছাপের মতো কালচে দাগ রয়েছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে দেয়া হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা ও দাদিকে আটক করা হয়েছে।