হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

646

সিলেট সংবাদদাতা: হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (৩০ জুন) দুপুরে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এসময় কলেজের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ খবর নিশ্চিত করেন।

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তারা হলেন– বৃন্দাবন কলেজ ছাত্রলীগ নেতা মো. আফরোজ হোসেন, ছাত্রলীগকর্মী সাহান মিয়া, হাফিজ উদ্দিন, শাহনুর আহমেদ, সুমেল মিয়া, মনির হোসেন, নিয়ল মিয়া, ছারোয়ার হোসেন, মোমিন মিয়া, আফজল মিয়া, শিপন মিয়া, রাসেল মিয়া, আরিফুর রহমান, করিম আহমেদ ও আব্দুল্লাহ। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একাদশ শ্রেণিতে আগে শিক্ষার্থী ভর্তি নিয়ে ছাত্রলীগের দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ চলে। এসময় কলেজের আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী জানান, কলেজে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে; ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে নয়, জেলা ছাত্রলীগে কোনও গ্রপিং নেই।

ওসি ইয়াছিনুল হক জানান, কলেজ এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।